দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেখানে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ফাইনালের ২৫,০০০ আসনের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ছিল ২৫০ দিরহাম, আর এক্সক্লুসিভ স্কাই বক্স হসপিটালিটি টিকিট বিক্রি হয়েছে ১২,০০০ দিরহামে। টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে প্রায় ৯০ লাখ দিরহাম।
২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে এই দুই প্রতিদ্বন্দ্বী। ২০০০ সালের ফাইনালে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। সেই স্মৃতি ভারতীয় শিবিরের জন্য এক দুঃসহ অভিজ্ঞতা। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
অন্যদিকে, নিউজিল্যান্ডের দল ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের ধারাবাহিকতায় আজকের ম্যাচেও জয়ের প্রত্যাশা রাখছে।
ভারতীয় দল পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছে দুবাইতেই, যেখানে অন্য দলগুলোকে পাকিস্তান এবং দুবাইয়ের মধ্যে যাতায়াত করতে হয়েছে। ভারত এক ভেন্যুতে খেলার সুবিধা কাজে লাগিয়েছে, আর এবার তারা শিরোপা পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ প্রস্তুত।
ম্যাচটি শুরু হওয়ার আগেই ক্রিকেটবিশ্বের চোখ এখন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ইতিহাস কি পুনরাবৃত্তি হবে নাকি লেখা হবে নতুন অধ্যায়? উত্তরের জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।
মন্তব্য করুন