আহত আন্দোলনকারীদের চিকিৎসা দিতে এবার যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন মরফিল্ডস আই হাসপাতালের বিখ্যাত দুই রেটিনা বিশেষজ্ঞ, ডা. মাহী মুকিত ও ডা. নিয়াজ ইসলাম। শনিবার (৮ মার্চ) সকাল থেকে তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই-আগস্ট বিপ্লবের আহতদের সেবা প্রদান শুরু করেছেন। রবিবার (৯ মার্চ) দিনব্যাপী তারা চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজন অনুযায়ী অপারেশন করবেন।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডা. নিয়াজ ইসলাম রোগীদের সম্পর্কে বলেন, “এখানকার রোগীদের চিকিৎসার মান ভালো। তবে অনেক রোগী বিষয়গুলো বুঝতে চান না বা বোঝেন না। আমরা তাদের যথাসাধ্য কাউন্সেলিং করছি এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা পরিকল্পনা সাজাচ্ছি। যাদের অপারেশন প্রয়োজন, তাদের সেই ব্যবস্থা করছি। তবে এটি এক বা দুই দিনের কাজ নয়, দীর্ঘমেয়াদী ফলোআপের প্রয়োজন।”
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবের আহত চক্ষু রোগীদের আমরা দেশের সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করেছি। বিদেশেও পাঠিয়েছি। এবার যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা সেবা দিচ্ছেন। আমরা চাই, বৈষম্যবিরোধী আন্দোলনের সাহসী যোদ্ধারা সর্বোচ্চ চিকিৎসা পান।”
আহত মিজানুর রহমান বাদল জানান, “আমি বাম চোখে দেখতে পাই না। ডান চোখে কিছুটা দৃষ্টি আছে। চোখের আশপাশে বুলেট রয়ে গেছে। বিদেশি চিকিৎসকরা অপারেশন করবেন বলে জানিয়েছেন।”
অপর আহত আন্দোলনকারী ওমর ফারুক বলেন, “আমার দুই চোখে ১২টি গুলি লেগেছিল। দুটি বের করা হয়েছে, বাকিগুলো রয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, দৃষ্টি ফেরার আর কোনো আশা নেই।”
আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে স্থানীয় ও বিদেশি চিকিৎসকদের এই যৌথ প্রচেষ্টা বিপ্লবের চেতনাকে আরও সুদৃঢ় করেছে।
মন্তব্য করুন