বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে বুধবার (৫ মার্চ) এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আগামী ছয় মাস পর্যন্ত অধ্যাপক আজিজুল ইসলাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট।
প্রজ্ঞাপন অনুসারে, ১১ সদস্যের অ্যাডহক ম্যানেজিং বোর্ড পুনর্গঠন করা হয়েছে। বোর্ডে ড. তাসনিম আজিমকে ভাইস চেয়ারম্যান এবং মুহাম্মদ আমিনুল ইসলামকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, ডা. শেখ আবু জাফর, মুহাম্মদ সাইদুর রহমান, এয়ার কমোডর (অব.) শাহে আলম, ব্যারিস্টার তানিম হোসেন শাওন, ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী, ডা. মাহমুদা আলম মিতু এবং মো. মাহবুব আলম।
গাজীপুরের শ্রীপুরে জন্মগ্রহণ করা অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম শিক্ষা ও কর্মজীবনে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। ১৯৮৫ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে কর্মজীবন শুরু করেন। পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। ১৯৯৯ সালে মেডিসিনে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন এবং ২০১৫ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টার থেকে মেডিকেল অনকোলজিতে ডিপ্লোমা সম্পন্ন করেন।
অধ্যাপক আজিজুল ইসলাম সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মেডিকেল অনকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ও কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।
ডা. মো. আজিজুল ইসলাম আছিয়া মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সমাজসেবায় অবদান রেখে চলেছেন। নতুন দায়িত্বে তিনি রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেবেন বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন