রাজধানীতে জননিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সারা দেশে চলছে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট”।
ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপন এবং আবাসিক অঞ্চলে টহল কার্যক্রম শুরু করেছে বিজিবি। বিশেষত ঘনবসতিপূর্ণ এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত করতে চলছে পায়ে হেঁটে নজরদারি। সোমবার (৩ মার্চ) রাত থেকে এই কার্যক্রম চালু হয়েছে। একই সঙ্গে ঢাকার নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম জানান, প্রতিটি চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। তিনি বলেন, “আমরা আশা করি এই পদক্ষেপে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হবে।”
নিরাপত্তা জোরদারের এই উদ্যোগের ফলে রাজধানীর জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ আরও দৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।