আগামী ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সাত দিনের এই সময়কালে মোট ৭৭ মিনিটের মতো সম্প্রচারে ব্যাঘাত ঘটার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
মঙ্গলবার (৪ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌর ব্যতিচার একটি প্রাকৃতিক মহাকাশীয় ঘটনা যা বছরে দুইবার ঘটে। এই সময়ে সূর্য, পৃথিবী ও স্যাটেলাইট একই সরলরেখায় অবস্থান করে, ফলে স্যাটেলাইটের সংকেতের ওপর সরাসরি প্রভাব পড়ে।
প্রতিদিনের সম্ভাব্য বিঘ্নের সময়ও উল্লেখ করা হয়েছে।
৭ মার্চ: সকাল ৯টা ৫৩ থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত (৮ মিনিট)
৮ মার্চ: সকাল ৯টা ৫২ থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত (১০ মিনিট)
৯ মার্চ: সকাল ৯টা ৫১ থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত (১২ মিনিট)
১০ মার্চ: সকাল ৯টা ৫০ থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত (১৩ মিনিট)
১১ মার্চ: সকাল ৯টা ৫০ থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত (১৩ মিনিট)
১২ মার্চ: সকাল ৯টা ৫০ থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত (১২ মিনিট)
১৩ মার্চ: সকাল ৯টা ৫১ থেকে ১০টা পর্যন্ত (৯ মিনিট)
বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে পরিচালিত টেলিভিশন চ্যানেল ও টেলিকমিউনিকেশন সেবাগ্রহীতারা সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন বলে সতর্ক করা হয়েছে।
বিএসসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশের প্রথম স্যাটেলাইটটি দেশি-বিদেশি বিভিন্ন সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা প্রদান করছে। এ ধরনের ঘটনা প্রযুক্তিগতভাবে অস্বাভাবিক কিছু নয় এবং সেবাদানে বিঘ্ন কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্যাটেলাইট পরিষেবায় সাময়িক এ ব্যাঘাতের জন্য ব্যবহারকারীদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।