বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়াকে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তিনি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (৩ মার্চ) যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত জিয়া পরিষদ, ইউকের ইফতার মাহফিলে ডা. জাহিদ এ তথ্য জানান। মাহফিলটি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত হয়।
বর্তমানে খালেদা জিয়া লন্ডনের কিংস্টোনে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
ডা. জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। তাকে বাসায় গিয়েই চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবিষ্যৎ সুন্দর করতে হলে সংবিধান অনুযায়ী দেশ চালাতে হবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। কোনো অবস্থাতেই একক ইচ্ছা দেশের শাসন ব্যবস্থায় প্রাধান্য পাবে না।”
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন যেমন ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এগুলোকে অবমূল্যায়ন বা অবমাননা করার সুযোগ নেই।”
সভায় আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি করেন ডা. জাহিদ। তিনি বলেন, “শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের ফলে দেশে যে অমানবিক নিপীড়ন হয়েছে তার বিচারের ব্যবস্থা করতে হবে। লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে আনার উদ্যোগও নিশ্চিত করা জরুরি।”
জিয়া পরিষদ ইউকের সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, চলচ্চিত্র নির্মাতা জোবায়ের বাবু এবং পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া পরিষদ ইউকের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি কাওছার ও আহসান উদ্দিন মনির।