টিসিবির পণ্য নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের ৭০ বছর বয়সী আবদুল বাকী। মঙ্গলবার বেলা ১১টার দিকে রানীগঞ্জ বাজার সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে টিসিবির পণ্য নিয়ে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবদুল বাকী। রানীগঞ্জ বাজারে ব্যস্ত মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে বাকী মহাসড়কে ছিটকে পড়েন, আর সড়কের ওপর ছড়িয়ে পড়ে তাঁর সঙ্গে থাকা টিসিবির পণ্য। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে এবং চালক ওমর ফারুককে আটক করেছে। আটক চালক গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সবুজ মিয়ার ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “সড়ক দুর্ঘটনায় আবদুল বাকী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাভার্ড ভ্যান ও এর চালক আমাদের হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।”
এ দুর্ঘটনায় স্থানীয়রা শোক প্রকাশ করেছেন। অনেকেই মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি এবং পথচারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবের কথা তুলে ধরেছেন।