
ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আমি অর্থনীতিতে সবসময় বলে আসছি, বাণিজ্য ও রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। কূটনৈতিকভাবে অনেক বিষয় থাকে। আমরা যদি ভারত থেকে চাল আমদানি না করে ভিয়েতনাম থেকে আমদানি করি, তাহলে প্রতি কেজিতে প্রায় ১০ টাকা বেশি খরচ পড়বে।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে এমনটি নয়। তবে সরকার চেষ্টা করছে যেন সম্পর্ক কোনোভাবেই অস্বাভাবিক না হয়।
ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টাও সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশের সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না। পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সরকার আগ্রহী।”
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন