
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা পৃথক তিন মামলার রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত।
রবিবার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ঘোষণা করেন। মামলায় ২৩ জন আসামির মধ্যে মাত্র একজন আদালতে উপস্থিত আছেন; বাকি আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন হয়নি এবং আত্মপক্ষ সমর্থনেও অংশ নিতে পারেননি।
দুদকের পক্ষে প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) যুক্তিতর্কে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তিনি শেখ হাসিনাসহ সকল আসামির সর্বোচ্চ সাজা, যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন।
অন্যদিকে কারাগারে থাকা একমাত্র আসামি, রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে অ্যাডভোকেট শাহীনুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করে দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি এবং তাকে খালাস দেওয়া উচিত।
মামলাগুলোর রায় ঘোষণার জন্য আদালত আগামী ২৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন।
মন্তব্য করুন