
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমন সংগ্রহ অভিযান আগেভাগেই শেষ করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার সচিবালয়ে আমন সংগ্রহ সম্পর্কিত ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার এবার ৩৯ টাকা কেজিতে ধান, ৫০ টাকায় সিদ্ধ চাল এবং ৪৯ টাকায় আতপ চাল কিনবে।
খাদ্য উপদেষ্টা জানান, কৃষকদের উৎসাহিত করতে ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে এবার আর আগের মতো আনুপাতিক পার্থক্য রাখা হয়নি। তিনি বলেন, আমন ধান এবার বেশি পরিমাণে কেনা হবে। ধান ও চালের মধ্যে আগে সংগ্রহের ক্ষেত্রে আনুপাতিক ব্যবধান থাকতো, এবার তা হবে না, যা কৃষকদের উৎসাহিত করছে।
সরকারি সংগ্রহের লক্ষ্য হিসেবে ৫০ হাজার টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল নির্ধারণ করা হয়েছে। আলী ইমাম মজুমদার বলেন, দেশে ধান উৎপাদনে কিছু ঘাটতি থাকায় আমদানির প্রয়োজন হয়। তাই এবার সংগ্রহ বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ৫০ লাখ পরিবার থেকে বাড়িয়ে ৫৫ লাখ পরিবারে বিস্তৃত করা হয়েছে। আগে বছরে ৫ মাস ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হলেও এখন তা ৬ মাস করা হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খাদ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে পরবর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় দেশের খাদ্য মজুদ আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থায় থাকবে।
মন্তব্য করুন