
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে তিনি বলেন, গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, ধরেন আগামী তিন চার কার্যদিবসের মধ্যে হয়ে যাবে।
তিনি আরও বলেন, আজ দেশের জন্য আরেকটি ‘ঐতিহাসিক রায়’ এসেছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম। এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু, অবাধ নির্বাচন দেখেছিলাম। সবসময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো এবং এটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতো।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে দেওয়া রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ ঘোষণা করা হয়। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করে। ড. আসিফ নজরুল বলেন, এটি ছিল দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি ‘দুর্ভাগ্যজনক’ সিদ্ধান্ত।
আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন, গণভোট আইন প্রণয়ন দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জনগণের প্রত্যক্ষ মতামতকে আরও শক্তিশালী করবে।
মন্তব্য করুন