
মিরপুরে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত করার জন্য সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন। বুধবার দুপুরে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসবে পরিণত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে প্রয়োজন।”
জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে ড. ইউনূস বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় দেশ বড় সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পায়। তিনি এ জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তানসহ ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। অর্জিত জ্ঞান ভবিষ্যতে সংকটময় পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন