
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই, আজকে জামায়াতে ইসলামী বিভিন্ন অযুহাতে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। এই ধরনের পরিস্থিতি তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা জনগণ কখনোই বরদাস্ত করবে না।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা সব সময় সুযোগ পাই না দেশকে উন্নত করার, ভালো করার। গত ১৫ বছর আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। এবার যদি আমরা ভোট দিতে পারি, তাহলে এমনভাবে ভোট দেব যাতে দেশটা উন্নত হয়।
তিনি বলেন, আমরা যদি সরকারে যেতে পারি, কৃষক ভাইদের সমস্যাগুলো, যেমন বীজ, সার ও পানির সমস্যা, তা সমাধানের উদ্যোগ নেব। অতীতেও আমরা এসব করেছি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা ফ্যামিলি কার্ড চালু করব, যা মহিলাদের হাতে দেওয়া হবে যাতে তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন। কৃষকদের জন্য থাকবে ফারমার কার্ড, যার মাধ্যমে তারা বীজ, সার ও পানি ন্যায্যমূল্যে পাবেন। আমরা এক কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। রুহিয়াকে আমরা উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
মন্তব্য করুন