
দশম গ্রেডে পদোন্নতিসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ না নিলে একযোগে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (১০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটির’ (রিটস) আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রিটসের শিক্ষা সম্পাদক মো. ইসমাইল হোসেন বলেন, আমরা ব্যক্তিগত স্বার্থে নয়, বরং রোগীর কল্যাণ ও দেশের স্বাস্থ্যসেবার স্বার্থে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। একজন মেডিকেল টেকনোলজিস্ট সঠিক রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অথচ এই পেশাকে দেশে দীর্ঘদিন অবমূল্যায়ন করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ইচ্ছাকৃতভাবে ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নে কালবিলম্ব করছে। অথচ উপসহকারী প্রকৌশলী, কৃষি কর্মকর্তা ও সিনিয়র স্টাফ নার্সরা ইতোমধ্যে ১০ম গ্রেড পেয়েছেন। আমরা সরকারের কাছে অনুরোধ করছিঅনতিবিলম্বে আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা হোক।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। দাবি বাস্তবায়নের ফাইল বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে থাকলেও কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। দ্রুত সিদ্ধান্ত না এলে তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।
মানববন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রধান ছয়টি দাবি তুলে ধরা হয়,
১. অবিলম্বে ১১তম গ্রেড থেকে উন্নীত করে ১০ম গ্রেডে পদমর্যাদা নির্ধারণ।
২. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী ৫০ হাজার নতুন পদ সৃষ্টি ও দ্রুত নিয়োগ।
৩. পেশাগত মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণ।
৪. পেশাগত ঝুঁকি ভাতা নিশ্চিত কর।
৫. প্রশিক্ষণ ও পদোন্নতির সুযোগ বৃদ্ধি।
৬. করোনাকালীন ঝুঁকিপূর্ণ সেবা বিবেচনায় বিশেষ সুবিধা প্রদান।
রিটসের সহসভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সালেহীন আবেদিন তানিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সোহেল হাওলাদার, মাসুম রেজা, মোজাম্মেল রাসেল, আহমদ আলি প্রমুখ।
তারা সরকারের প্রতি আহ্বান জানান দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে দেশের সব মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট একযোগে কর্মবিরতিতে যাবেন।
মন্তব্য করুন