
বাগেরহাটে চারটি ও গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন বহাল থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের (ইসি) গেজেটকে অবৈধ ঘোষণা করেছেন আদালত।
সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, অ্যাডভোকেট রাজিয়া সুলতানা প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল কবির।
এর আগে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে দুটি রিট দায়ের করা হয়। রিট দায়ের করেন বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জেলা ট্রাক মালিক সমিতি।
হাইকোর্টের এই রায়ের মাধ্যমে নির্বাচন কমিশনের গত ৪ সেপ্টেম্বরের গেজেটের কার্যকারিতা বাতিল হলো। ওই গেজেটে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করা হয়েছিল।
বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি গত কয়েক মাস ধরে হরতাল, অবরোধ ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। তাদের দাবি ছিল, মানুষের মতামত উপেক্ষা করে ইসি একতরফাভাবে আসন পুনর্বিন্যাস করেছে।
১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনেই নির্বাচন হয়ে আসছে। হাইকোর্টের রায়ের পর পুনরায় সেই কাঠামোই বহাল থাকছে।
মন্তব্য করুন