
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত মোট ৩০৭ জনের প্রাণহানি ঘটেছে এই মশাবাহিত রোগে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৩৪ জন রোগী।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বর্তমানে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২০০ জন রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, ফলে চলতি বছর মোট সুস্থ হয়ে ফিরেছেন ৭২,৩৮৮ জন।
চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬,০২৬ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সেপ্টেম্বরে যেখানে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ হাজার ৮৬৬ জন, সেখানে অক্টোবরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫২০ জন, অর্থাৎ এক মাসে রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৪২ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি আবহাওয়া পরিবর্তন ও অপর্যাপ্ত মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের কারণে এ বছরও ডেঙ্গু সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
মন্তব্য করুন