
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণমাত্রায় চালু, শিক্ষক ও মেডিকেল অফিসার নিয়োগ এবং হোস্টেলসহ আধুনিক সুযোগ-সুবিধা নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের চিকিৎসক সমাজ।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ট্রেইনি ডাক্তার ও শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচি শেষে তারা ভাইস-চ্যান্সেলর (ভিসি) ও প্রো-ভিসির নিকট স্মারকলিপি প্রদান করেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সুপার স্পেশালাইজড হাসপাতাল পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটের কারণে পূর্ণমাত্রায় কার্যকর নয়। ফলে রোগীরা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ইন্টার্ন ও শিক্ষানবিশ চিকিৎসকরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল প্রশিক্ষণ পাচ্ছেন না।
তারা দাবি জানান, “জাতীয় স্বার্থে হাসপাতালটি দ্রুত পূর্ণমাত্রায় চালু করে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও বলেন, বিএমইউ দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা ও গবেষণার কেন্দ্র হলেও জনবল ও অবকাঠামোগত সংকটে শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও হাসপাতালগুলোতে বহু শিক্ষক ও মেডিকেল অফিসারের পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।
তাদের দাবি, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবিলম্বে শূন্য পদে নিয়োগ দিতে হবে এবং প্রয়োজনে নতুন পদ সৃষ্টি করতে হবে।
অংশগ্রহণকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্ট ও ট্রেইনি ডাক্তারদের জন্য নিরাপদ ও উপযুক্ত হোস্টেল সুবিধা নেই, ফলে তারা নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা বলেন, পূর্ণাঙ্গ হোস্টেল, আধুনিক লাইব্রেরি, গবেষণাগার ও একাডেমিক সাপোর্ট সিস্টেম ছাড়া উচ্চতর চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়।
বক্তারা গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, এসব ন্যায্য দাবি যথাযথভাবে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে।
তারা বলেন, উল্লেখিত সমস্যাগুলোর দ্রুত সমাধান হলে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবা আন্তর্জাতিক মানে উন্নীত হবে।
মন্তব্য করুন