
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৯ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।
জানা যায়, সাইবার সুরক্ষা আইনে শাহবাগ থানায় সোমবার (৩ নভেম্বর) মামলাটি দায়ের করেন মোনামি। মামলায় সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভানকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আসামিরা বিভিন্ন সময় শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ছবি সম্পাদনা করে অশালীনভাবে উপস্থাপন করে ফেসবুকে ছড়িয়ে দেন, যা তার ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করেছে।
মামলা দায়েরের পর সাংবাদিকদের মোনামি বলেন, আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমি একজন সাধারণ শিক্ষক। গত এক বছর ধরে আমাকে নিয়ে অশোভন আচরণ ও মানহানিকর প্রচার চালানো হচ্ছে। বারবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাইনি, তাই শেষ মুহূর্তে বাধ্য হয়েই মামলা করেছি।
এর আগে মোনামি তার বিরুদ্ধে চলমান অনলাইন হয়রানি ও মিথ্যা প্রচারণা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেছিলেন।
মন্তব্য করুন