
রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার মাত্র কয়েক মাস পর আবারও আলোচনায় ফিরলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এবার তিনি ঢাকা-১৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন।
রোববার (৩ নভেম্বর) নিজেই এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম।
তিনি বলেন, অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলো আমি মানতে পারব কি না সেটা ভাবছি। ব্যাটে-বলে মিললে কোনো একটি দলে যোগ দেব, নইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব।
গত মে মাসে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। তবে ফের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় না, এটা এক ধরনের প্রতিবাদও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটাই সবার প্রত্যাশা। আমি চাই মানুষ যেন উৎসব করে ভোট দিতে আসে। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই, শুধু নির্বাচনটা যেন সুষ্ঠু হয়।
এর আগে হিরো আলম বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে উপনির্বাচনে অংশ নিয়েছিলেন। বগুড়া-৪ আসনে তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন, যা তাকে দেশজুড়ে আলোচনায় আনে।
মন্তব্য করুন