
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, রাজধানীর জেনেভা ক্যাম্পে সাধারণ বাংলাদেশিদের বসবাসের কোনো আইনগত সুযোগ নেই। তিনি বলেন, পর্যায়ক্রমে এবং সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বহিরাগতদের উচ্ছেদ করা হবে।
রবিবার (২ নভেম্বর) দুপুরে জেনেভা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
এডিসি জুয়েল বলেন, জেনেভা ক্যাম্প এখন মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এলাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে বাইরের সাধারণ বাংলাদেশি ভাড়াটিয়ারা, যারা প্রায় ২০ থেকে ২৫ হাজার জন। এদের কারণে পরিবেশ আরও নষ্ট হচ্ছে এবং তাদের অনেকেই মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
তিনি আরও বলেন, জেনেভা ক্যাম্পের মালিক সরকার, কিন্তু তদন্তে দেখা গেছে, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ অবৈধভাবে রুম বা ভবন কিনে মালিকানা দাবি করছে। যাদের এখানে থাকার আইনগত অধিকার নেই, তাদের উচ্ছেদ করা হবে। ধীরে ধীরে, আইন মেনে এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ক্যাম্পের রাস্তাগুলো দখল হয়ে গেছে, এবং রিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছে। এসব যান চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
মন্তব্য করুন