
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা কমেছে। তবে ডেঙ্গুতে একটি মৃত্যুও মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি।
রবিবার (২ নভেম্বর) সকালে গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘বর্তমান ডেঙ্গু পরিস্থিতি ও নিয়ন্ত্রণ কার্যক্রম’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ এজাজ বলেন, সাম্প্রতিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। তবে ডেঙ্গুতে একটি মৃত্যুও আমাদের কাম্য নয়। স্বল্প জনবল নিয়েও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।
তিনি আরও জানান, বর্ষা মৌসুমের শুরুতে বিশেষজ্ঞদের নিয়ে সভা করেছি। তাদের দেওয়া পরামর্শ বাস্তবায়নে আমরা সারা বছর ধরে কাজ করেছি।
প্রশাসক বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী জনস্বাস্থ্য রক্ষায় প্রতি হাজারে ২.৩ জন কর্মী প্রয়োজন। কিন্তু আমাদের আছে প্রতি ১১ হাজারে একজন কর্মী, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
তবুও ডিএনসিসি জনগণের সহযোগিতা, সচেতনতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আশাবাদী বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ এজাজ জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মাঠপর্যায়ে সেবা কার্যক্রম জোরদারে ডিএনসিসি এলাকায় সাতজন পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অ. দা.) মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, কীটতত্ত্ববিদ প্রফেসর মো. রাশেদুল ইসলাম, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও হাসপাতালের প্রতিনিধি এবং ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মন্তব্য করুন