সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীফলকাঠি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল কর্মী রাহিম ইসলামের তিন বছরের ছেলে নিশাত গুরুতর আহত হয়। মাথার খুলি ভেঙে মগজ বের হয়ে যাওয়ায় শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা অবস্থা গুরুতর দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন। তবে পথে খানপুর এলাকায় শিশুটির মৃত্যু হয়।
এরপর স্বজনরা অ্যাম্বুলেন্সসহ আবার স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে এসে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল আজিজ-এর ওপর হামলা চালান। হামলা ঠেকাতে গেলে স্থানীয় রাজনৈতিক নেতা আব্দুর রহমান ও তার গাড়িচালক নুরুজ্জামান-ও মারধরের শিকার হন।
ডা. আবদুল আজিজ বলেন, শিশুটির অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। মাথার হাড় ভেঙে মগজ বের হয়ে গিয়েছিল। উপজেলা পর্যায়ে এ ধরনের চিকিৎসা সম্ভব নয়, তাই সাতক্ষীরায় পাঠানো হয়। পরে একদল লোক এসে আমার ওপর হামলা চালায়।
শিশুর স্বজন আব্দুল্লাহ দাবি করেন, আমরা ডাক্তারকে অনুরোধ করেছিলাম শিশুটিকে এখানেই চিকিৎসা দিতে। তিনি রেফার করায় পথে মারা যায়। কিছু আত্মীয় উত্তেজিত হয়ে আচরণ করেছিল, তবে আমরা মারামারি ঠেকানোর চেষ্টা করি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জিয়াউর রহমান জানান, হামলার সময় চিকিৎসক ও রোগীরা আতঙ্কে ছিলেন। চিকিৎসকরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ূন কবির বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে হাসপাতালের পরিবেশে উত্তেজনা বিরাজ করছে, চিকিৎসক ও কর্মীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন