
সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউ বিএনপির সদস্য হতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “যারা চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত, তাদের জন্য বিএনপির দরজা চিরতরে বন্ধ। তবে শিক্ষক, কৃষক, দিনমজুর, রিকশাচালকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ বিএনপির সদস্য হতে পারবেন।”
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর একটি রিসোর্টে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি একটি জনগণের দল। আমরা চাই সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ এই দলে যুক্ত হোক। যারা বিগত সময়ে আওয়ামী লীগের দাপট দেখিয়েছে, তারাও বিএনপির রাজনীতি করতে পারবে, যদি তারা গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে থাকে।
তিনি আরও বলেন, বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়, তাই দলের ভেতর সৎ, নির্ভীক ও ত্যাগী নেতৃত্বের বিকাশ অপরিহার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
রিজভী আরও বলেন, বিএনপি কখনও দুর্নীতি বা সন্ত্রাসের রাজনীতিকে প্রশ্রয় দেয়নি। জনগণের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠান শেষে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
মন্তব্য করুন