
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তিগুলো কাজ করবে। হঠাৎ করেই আক্রমণ বা অপপ্রচার শুরু হতে পারে। এটি হবে একটি চ্যালেঞ্জিং নির্বাচন, তবে যত ঝড়-ঝাপটা আসুক, তা অতিক্রম করতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেছেন, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে। নির্বাচন বানচালের জন্য দেশি ও বিদেশি মহল থেকে পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এমনকি এআই-নির্মিত ছবি ও ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হবে। তাই এক মুহূর্তও দেরি না করে ভুয়া তথ্য প্রতিরোধে সক্রিয় হতে হবে।
অধ্যাপক ইউনূস আরও বলেন, আসন্ন নির্বাচনকে সুন্দর ও উৎসবমুখর করতে হলে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। ভোটারদের মধ্যে নির্বাচনী নীতিমালা, ভোট প্রদানের নিয়ম ও আচরণবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।
তিনি নির্বাচন কমিশন (ইসি) এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি ও সচেতনতামূলক ভিডিও তৈরি করতে এবং তা দ্রুত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে।
প্রধান উপদেষ্টার মতে, এসব প্রচারণার উদ্দেশ্য হলো, মানুষ যেন নিজেরাই প্রস্তুত হতে পারে, বিভ্রান্ত না হয়, এবং নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা রাখে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, সরকার নির্বাচনকালীন সময়ে গুজব, মিথ্যা তথ্য ও অপপ্রচার প্রতিরোধে বিশেষ সেল গঠনের বিষয়টি বিবেচনা করছে।
মন্তব্য করুন