
মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে ইউরোপগামী পথে লিবিয়ায় আটকা পড়া আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যাবাসিতদের পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেছে।
এতে আরও বলা হয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়া সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
ফেরত আসা অনেকেই জানিয়েছেন, মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে তারা ইউরোপের পথে রওনা দিয়েছিলেন। কিন্তু লিবিয়ায় পৌঁছে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
জনসচেতনতা বাড়াতে এই নাগরিকদের নিজেদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ করছে।
মন্তব্য করুন