
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ দল। এবার শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা ঐতিহ্যগতভাবেই শক্তিশালী। তাই এই সিরিজটি টাইগারদের জন্য বাড়তি চ্যালেঞ্জের।
চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস, যিনি এই ফরম্যাটে অধিনায়কের দায়িত্বও পালন করবেন। তার ফেরায় একাদশ থেকে জায়গা হারিয়েছেন জাকের আলি। সাম্প্রতিক সময়ে তার ব্যাটে রান না আসায় বাদ পড়েছেন তিনি।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে। এই দুটি সিরিজ দিয়েই মূলত বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় টিম ম্যানেজমেন্ট।
সাম্প্রতিক পারফরম্যান্সে উজ্জ্বল বাংলাদেশ। সর্বশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে টাইগাররা— প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে তারা।
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার রাত ৭টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, ঘরের মাঠে ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে টাইগাররা।
মন্তব্য করুন