
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন আর রাস্তায় সংঘাতমুখী আন্দোলনের সময় নয়। জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি সহনশীল রাজনীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।
রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, শেখ হাসিনার পতনের পর ১৪ মাস অতিক্রম হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি এবং কাঙ্ক্ষিত নির্বাচিত সংসদ সরকারও প্রতিষ্ঠিত হয়নি। জনগণের মালিকানা ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে এখনই সময়।
তিনি আরও বলেন, এখন রাস্তা বা সংঘাতের রাজনীতি নয়, বরং জনগণের কাছে যেতে হবে। আমরা হিংসা ও প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আগামী প্রজন্মের জন্য সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও ভিন্নমতকেও সম্মান করার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।
বিএনপি নেতা বলেন, আগামী নির্বাচন হবে ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ, তাই বিভেদ নয়, সংলাপ ও অংশগ্রহণই এখন জরুরি। নির্বাচন একটি প্রক্রিয়া, এটি বাধাগ্রস্ত না করে জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই পরিবর্তন আনতে হবে। সংঘাত নয়, সমাধান চাই গণতান্ত্রিক উপায়ে।
তিনি আরও আহ্বান জানান, সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসে একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে জনগণের ভোট ও মতামতই হবে রাষ্ট্র পরিচালনার একমাত্র ভিত্তি।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন