
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ১৬ নভেম্বর থেকে শুরু হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া, যা চলবে প্রায় তিন সপ্তাহ পর্যন্ত।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৬ নভেম্বর থেকে আমরা আবেদন গ্রহণ শুরু করব। এটি তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
এবারের ভর্তি পরীক্ষায় দুই ধাপের বাছাই প্রক্রিয়া থাকছে না, জানিয়ে অধ্যাপক জলিল বলেন, ভর্তি পরীক্ষা এবার এক ধাপেই সম্পন্ন হবে। অর্থাৎ, শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
ফলাফল নিম্নমুখী হওয়ায় আবেদন যোগ্যতার মানদণ্ডে পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো পরিবর্তন আনছি না। এবারের ফলাফল প্রকৃত মেধার প্রতিফলন। ভর্তি পরীক্ষায় আবেদন করতে হলে এইচএসসিতে পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ ৫ থাকতে হবে, যা আগের নিয়মের মতোই বহাল থাকবে।
উল্লেখ্য, প্রতিবছর বুয়েটের ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেন। সীমিত আসনের কারণে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়েই বুয়েটের প্রকৌশল বিভাগগুলোতে ভর্তির সুযোগ পান দেশের মেধাবী শিক্ষার্থীরা।
মন্তব্য করুন