
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, সঠিক সময়ে না হয়, সে চেষ্টায় লিপ্ত রয়েছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য শুভ নয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যায়। তবে হতাশার সঙ্গে লক্ষ্য করি, কিছু দল নির্বাচনের সময় পেছানোর চেষ্টা করছে। এটা ঠিক নয়।
তিনি বলেন, এখন দেশের জন্য একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকারের ওপর, যারা পরিবর্তনের ধারাকে সামনে নিয়ে যাবে।
ফখরুল বলেন, বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণমাধ্যমের স্বাধীনতা, নারীর শিক্ষার প্রসার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সবই বিএনপির অবদান। অথচ এখন বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে।
তিনি আরও বলেন, জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি কেউ। ইতিহাস শহীদ জিয়াউর রহমানকে ধারণ করেছে। তাঁকে মুছে ফেলা সম্ভব নয়।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুনভাবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “তিনি (তারেক রহমান) জিয়া ও খালেদা জিয়ার পতাকা বহন করছেন, এই পতাকা স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশররফ হোসেন।
মন্তব্য করুন