
টাকার বিপরীতে আবারও বেড়েছে মার্কিন ডলারের দাম। বুধবার (২২ অক্টোবর) দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে ডলারের সর্বোচ্চ বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা, যা গত সপ্তাহে ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
ব্যাংক সূত্রে জানা গেছে, আমদানি এলসি খোলার সংখ্যা বেড়ে যাওয়াসহ কয়েকটি কারণে সাম্প্রতিক সময়ে ডলারের দাম ঊর্ধ্বমুখী।
আজ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা, ক্রয়মূল্য ১২১ টাকা ৭৫ পয়সা। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে বিক্রয়মূল্য ১২২ টাকা ৬০ পয়সা ও ক্রয়মূল্য ১২১ টাকা ৬০ পয়সা।
ঢাকা ব্যাংক এক ডলার বিক্রি করেছে ১২২ টাকা ৫০ পয়সায় এবং ক্রয় করেছে ১২১ টাকা ১৫ পয়সায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ২৫ পয়সা, যা গতকাল ছিল ১২২ টাকা। গত ২০ অক্টোবর পর্যন্ত এই হার ছিল প্রায় ১২১ টাকা ৮০ পয়সা।
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে মোট ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, আমদানি ব্যয়ের চাপের কারণে ডলারের দাম কিছুটা বেড়েছে, তবে এটি অস্বাভাবিক নয়। বাজারে ডলারের সরবরাহ পর্যাপ্ত আছে।
মন্তব্য করুন