
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দেশে রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে মাল্টিমোডাল ইনফেকশন কন্ট্রোল কৌশল বাস্তবায়ন আরও জোরদার হবে।
আজ বুধবার (২২ অক্টোবর) বিএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এবং ডব্লিউএইচওর পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ।
চুক্তি অনুযায়ী, বিএমইউকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) কার্যক্রমে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, তদারকি, সক্ষমতা বৃদ্ধি ও জ্ঞান বিনিময়সহ নানামুখী সহযোগিতা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, সংক্রমণ প্রতিরোধে বিএমইউ অত্যন্ত সচেতনভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে আলাদা বাজেট বরাদ্দ রয়েছে এবং একটি উচ্চ পর্যায়ের কমিটি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে।
ডব্লিউএইচওর প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ বলেন, বিএমইউকে আমরা আইপিসি কার্যক্রমে সব ধরনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেব। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হাসপাতালের পরিচালক ও আইপিসি কোর কমিটির সদস্যরা।
চুক্তির মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা খাতে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হলো, যা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
মন্তব্য করুন