
ঐতিহাসিক জুলাই সনদে এখনই স্বাক্ষর না করার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরেই তারা এতে স্বাক্ষর করবেন।
বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অবস্থান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। যেহেতু সনদ স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশ নেয়নি, তাই আমরা আমাদের অবস্থান সরকারের পাশাপাশি ঐকমত্য কমিশনের কাছেও পরিষ্কারভাবে তুলে ধরেছি।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি সনদের নীতিগত দিকের বিরোধী নয়, তবে কেবল প্রতীকী স্বাক্ষরের পরিবর্তে বাস্তবায়নের নিশ্চয়তাকে বেশি গুরুত্ব দিচ্ছে দলটি। জুলাই সনদের শুধু কাগজের মূল্যে আমরা বিশ্বাসী নই। এটি কীভাবে বাস্তবায়ন হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা স্বাক্ষর করব, বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদকে তারা কেবল রাজনৈতিক চুক্তি নয়, বরং একটি সাংবিধানিক আদেশ হিসেবে দেখছেন। আমরা চাই প্রধান উপদেষ্টা এ আদেশ জারি করুন। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সার্বভৌম ক্ষমতার যে প্রতিফলন ঘটেছে, তার একমাত্র বৈধতা এখন প্রধান উপদেষ্টার কাছেই রয়েছে, জানান এনসিপি আহ্বায়ক।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের আইনগত ও প্রশাসনিক অঙ্গীকারের বিষয়টি স্পষ্ট করা না হলে এনসিপি এতে যুক্ত হবে না।
জুলাই সনদকে বর্তমান অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল হিসেবে দেখা হচ্ছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে সংবিধান সংস্কার, নির্বাচনী সংস্কার, দুর্নীতিবিরোধী নীতি, এবং বিকেন্দ্রীকরণমূলক রাজনৈতিক কাঠামো।
তবে জাতীয় নাগরিক পার্টি ও কয়েকটি রাজনৈতিক দল এর বাস্তবায়ন প্রক্রিয়া ও আইনি কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে।
এনসিপির এই অবস্থান জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক আলোচনা উসকে দিয়েছে। এখন দেখার বিষয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দলটির এই শর্তে কীভাবে সাড়া দেয়।
মন্তব্য করুন