
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন চিত্রনায়ক সালমান শাহ। তার স্ত্রী সামিরা হক দাবি করেন, সালমান আত্মহত্যা করেছেন। তবে এই দাবিকে শুরু থেকেই মানতে অস্বীকৃতি জানায় সালমানের পরিবার।
পরের বছর ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী পুত্র হত্যার অভিযোগে মামলা করেন। সে সময় আদালত সিআইডিকে অপমৃত্যু ও হত্যার অভিযোগ একসঙ্গে তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে ১৯৯৭ সালের ২৫ নভেম্বর সিআইডি ‘আত্মহত্যা’ বলে প্রতিবেদন দাখিল করলে আদালত সেটি গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা দায়ের করেন সালমান শাহর বাবা।
২০০৩ সালে রিভিশন মামলার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে সালমান শাহর মৃত্যুকে ‘অপমৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়।
বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী মারা যাওয়ার পর বাদীর দায়িত্ব নেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি ২০১৫ সালে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন, যার পরিপ্রেক্ষিতে তদন্তের ভার পড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআইয়ের ওপর।
২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত সেটি গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন।
এরপর ওই আদেশের বিরুদ্ধে ২০২২ সালের ১২ জুন বাদীপক্ষ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করে। রিভিশনে উল্লেখ করা হয়, “একাধিক ব্যক্তির প্রভাবে হত্যাকে ধামাচাপা দেওয়া হয়েছে এবং সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলা হচ্ছে।”
সালমান শাহ, যার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন, ছোটপর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে এক অনন্য স্থান করে নিয়েছিলেন। ‘কিয়ামত থেকে কিয়ামত’, ‘বুকের ভেতর আগুন’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’সহ মোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
নায়িকা শাবনূরের সঙ্গে তার জুটি বাংলা চলচ্চিত্রে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে এখনো স্মরণীয়।
দীর্ঘ ২৯ বছরেও সালমান শাহর মৃত্যু রহস্যের জট খুলে না গেলেও আদালতের নতুন এই নির্দেশনায় আবারও আলোচনায় ফিরে এসেছে সেই রহস্যজনক মৃত্যু।
মন্তব্য করুন