
লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “হাসিনা বিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না—এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্যই এই নাশকতা সাজানো হচ্ছে।”
সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আমরা মনে করি, এসব অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না। এরপরও সরকারকে এসব বিষয়ে কঠোর নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে দৃঢ়তা দেখিয়েছে—সব দলকে একত্র করা, নীতির প্রশ্নে অবস্থান নেওয়া—এসবের ফলে আমরা আশাবাদী যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”
প্রশাসনের ভেতরের কিছু ‘দোসর’ চিহ্নিত করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “যারা প্রশাসনের ভিতর থেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
সম্প্রতি চৌদ্দগ্রামের অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি গান পরিবেশন করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পর তারেক রহমানের নির্দেশে সোমবার রুহুল কবির রিজভী নিজে ফুলমুড়ি গ্রামে গিয়ে ওই শিল্পীকে দেখতে যান।
এর আগে রিজভী চান্দিনায় জুলাই আন্দোলনে নিহত এক শহীদের কবর জিয়ারত করেন।
চৌদ্দগ্রামের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন