
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই–নিরস্ত্র) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন সৃষ্ট পদগুলো অনুমোদিত সাংগঠনিক কাঠামোর সঙ্গে যুক্ত করে হালনাগাদ কাঠামো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এছাড়া পদ সংরক্ষণ ও স্থায়ীকরণের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে।
অর্থ বিভাগ কর্তৃক জিও (গভর্নমেন্ট অর্ডার) পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকেই এসব পদ কার্যকর হবে বলে জানানো হয়েছে। ১৯৪৩ সালের Police Resolution of Bengal অনুযায়ী এই পদগুলো পূরণযোগ্য হবে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে এবং প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন