
৭৩ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইতিহাস গড়ল কোমো। ঘরের মাঠ জিউসেপ্পে সিনিগাগলিয়া স্টেডিয়ামে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে সিরি আ’র নবাগত এই ক্লাবটি।
ক্লাব ইতিহাসে বহু স্মরণীয় জয় থাকলেও জুভেন্টাসের বিপক্ষে জয়ের আনন্দ তারা ভোলেনি। ১৯৫১-৫২ মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে সর্বশেষ জয়ের পর দীর্ঘ সময় জয়শূন্য ছিল কোমো। অবশেষে সেই ক্ষণটি এলো শনিবার রাতে, ঘরের মাঠে সমর্থকদের সামনে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কোমো। মাত্র চতুর্থ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকো পাজের ডান দিক থেকে বাড়ানো নিখুঁত ক্রসে বাঁ পায়ে গোল করেন মার্ক-অলিভার ক্যাম্প। ১-০ ব্যবধানের লিড নিয়েই শুরু হয় কোমোর জয়ের স্বপ্ন।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের চাপ সামলেও পাল্টা আক্রমণে আসে দ্বিতীয় গোল। ৬৮তম মিনিটে সতীর্থের পাস পেয়ে বক্সে ঢুকে জুভেন্টাস ডিফেন্ডারকে ছলনা করে বাঁ পায়ের কারুকার্যময় শটে গোল করেন পাজ নিজেই। তার দুর্দান্ত ফিনিশিংয়ে হতভম্ব হয়ে যান জুভেন্টাস গোলরক্ষক।
রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে জিউসেপ্পে সিনিগাগলিয়া। ৭৩ বছর পর জুভেন্টাসের বিপক্ষে জয় এই ঐতিহাসিক মুহূর্তে পুরো শহর যেন আনন্দে ভেসে যায়।
এই জয়ে সিরি আ’র পয়েন্ট টেবিলেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট যোগ হলো কোমোর ঝুলিতে, আর দলটির ইতিহাসে যুক্ত হলো এক স্বর্ণালী অধ্যায়।
মন্তব্য করুন