
বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর হাইকোর্ট মাজার মোড়ে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী।
এর আগে বিকেল ৩টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা ‘ভুখা মিছিল’ শুরু করেন এবং পরে হাইকোর্ট মাজারগেটে অবস্থান নেন। বিকেল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি চলে।
দেলাওয়ার হোসাইন আজিজী জানান, আমরা সরকারের ৫ শতাংশ বাড়ি ভাতার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, সোমবার থেকে শুরু হবে আমরণ অনশন।
এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্তটি আগামী নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের সিদ্ধান্ত মেনে আন্দোলন স্থগিত করে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,আমরা জানি শিক্ষক সমাজের প্রাপ্য আরও অনেক বেশি। তবে বর্তমান আর্থিক সীমাবদ্ধতার মধ্যে অর্থ মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিয়েছে, সেটির জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে। এখন শিক্ষকদের উচিত ক্লাসে ফিরে যাওয়া।
তবে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, সরকারের প্রস্তাব তাদের ন্যায্য দাবির প্রতি অবমূল্যায়ন। তারা বলেন আমাদের দাবি ২০ শতাংশ বাড়ি ভাড়া, ৫ শতাংশ নয়। পাশাপাশি জাতীয়করণ ও সময়মতো ইনক্রিমেন্ট বাস্তবায়ন করতে হবে।”
১. বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা
২. শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ
৩. ইনক্রিমেন্ট ও বকেয়া ভাতা নিয়মিত প্রদান
গত এক সপ্তাহ ধরে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা রাজধানীর হাইকোর্ট মাজারগেটে অবস্থান কর্মসূচি পালন করছেন। সরকার বাড়ি ভাতা বাড়ানোর ঘোষণা দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
মন্তব্য করুন