
রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি জবি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। নিহতের টিউশনি বাসাতেই এ ঘটনা ঘটে। ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি, আমরা তদন্ত করছি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।
এদিকে সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীরা জুবায়েদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন