
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে চিকিৎসা শিক্ষায় ইসলামী নৈতিকতা, মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সংমিশ্রণের গুরুত্ব নিয়ে ‘ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিকিৎসা শিক্ষাবিদ, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থটের সেক্রেটারি জেনারেল এবং কিং ফাহাদ মেডিক্যাল সিটির অধ্যাপক ডা. ওমর হাসান কাসুলে।
তিনি মূল প্রবন্ধ উপস্থাপনকালে ইসলামী চিকিৎসা শিক্ষার বিকাশ ও নৈতিক চর্চার ধারা নিয়ে বিশদ আলোচনা করেন এবং আধুনিক চিকিৎসা শিক্ষায় ইসলামী নৈতিকতা ও মূল্যবোধ সংযোজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তাঁর বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা শিক্ষায় ইসলামী নৈতিকতা অনুসরণ করলে এবং সে অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করা হলে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। চিকিৎসকরা রোগীর কষ্ট অনুধাবন করে পেশাগত দায়বদ্ধতা থেকে সেবা দিলে তবেই প্রকৃত মানবিক চিকিৎসা সম্ভব।
তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক চিকিৎসা শিক্ষা চিকিৎসক সমাজের নৈতিক মানদণ্ড উন্নত করবে এবং এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন সাধারণ রোগীরা।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে সেমিনারের সূচনা করেন হেপাটোলজি বিভাগের ফেজ-বি রেসিডেন্ট ডা. আল মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন বিএমইউর প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, যিনি মূল বক্তা ডা. ওমর হাসান কাসুলের বর্ণাঢ্য জীবনীও তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং অধ্যাপক ডা. আবু খুলদুন আল মাহমুদ। সেমিনারটি সঞ্চালনা করেন রিউম্যাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শোয়েব মোমেন মজুমদার।
মন্তব্য করুন