
আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন সেই প্রশ্নের জবাব দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে এ বিষয়ে কোনো দ্বিধা বা মতভেদ নেই।
মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ ও কাজ করার উপযোগী থাকেন, তাহলে তিনিই হবেন প্রধানমন্ত্রী। আর তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এ নিয়ে দলের মধ্যে কোনো মতভেদ নেই।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তার ঝুঁকি দেখি না, তবে তার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দলীয় দাবি। তার জন্য বাসস্থান, অফিস ও গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। প্রায় সব প্রস্তুতি শেষের পথে, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন কি না এমন প্রশ্নে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ নির্ভর করবে তার স্বাস্থ্যের ওপর। তিনি আমাদের লিজেন্ডারি লিডার। যদি তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন, সেটি বিএনপির জন্য বিরাট প্লাস পয়েন্ট হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এখন নির্বাচনী প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তনের পরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে দলটি।
মন্তব্য করুন