
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে শুরু হওয়া এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নিরাপত্তার কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত জানানো হবে।
এর আগে দুপুর ২টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ইউনিট যোগ হয়ে ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম বলেন, কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এখন মোট ৩৭টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।”
এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ইউনিট, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সহায়তা দিচ্ছেন। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বিজিবির দুই প্লাটুন সদস্যও।
সন্ধ্যা নাগাদ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়ায় আচ্ছন্ন বিমানবন্দরের কার্গো এলাকা। নিরাপত্তাজনিত কারণে আশপাশের এলাকায় প্রবেশ সীমিত করে রাখা হয়েছে।
মন্তব্য করুন