
নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সম্ভাবনার আলো জ্বালিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে এরপর সেই আলো ধীরে ধীরে নিভে গেছে পরপর চার পরাজয়ের ধাক্কায়। সেমিফাইনালের আশাও কার্যত শেষ হয়ে গেল আজ। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিল টাইগ্রেসরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভারতের ভিশাখাপত্নমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা আশাব্যঞ্জক হলেও মাঝপথে ব্যাটিং ধসে ভুগতে হয় বাংলাদেশকে। সোবহানা মোস্তারির লড়াকু অপরাজিত ৮০ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলতে সক্ষম হয় দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে একেবারে অনায়াসেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওপেনার অ্যালিসা হিলি খেলেন বিধ্বংসী ৭৭ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস, যার মধ্যে ছিল ২০টি চার। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকান তিনি। অন্য ওপেনার ফিবি লিচফিল্ডও ছিলেন দুর্দান্ত ফর্মে; ৭২ বলে ৮৪ রানে অপরাজিত থেকে দলকে ২৪.৫ ওভারেই জয় এনে দেন দুজন।
এর আগে টাইগ্রেস ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ দেখা যায় শুরুতে। ফারজানা ও ঝিলিকের জুটি দলকে এনে দেয় ৩২ রান। এরপর দ্রুত উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। ঝিলিক ৫৯ বলে ৪৪ রান করে আউট হন, কিন্তু অধিনায়ক জ্যোতি আবারও ব্যর্থ। দলীয় ১৫০ রানের আগেই বড় ধস নামে ইনিংসে। শেষদিকে সোবহানা মোস্তারি একাই লড়াই করে দলকে দুইশোর কাছাকাছি নিয়ে যান।
অস্ট্রেলিয়ার ফিল্ডিং এদিন কিছুটা অনিয়মিত ছিল। অন্তত পাঁচটি ক্যাচ ফসকেছে তাদের হাতে। তারপরও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে ২০০ রানের নিচে আটকে রাখতে সক্ষম হয় তারা। গার্ডনার, সাদারল্যান্ড, কিং ও ওয়ারহ্যাম প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট; একটি নিয়েছেন ম্যাগান স্কট।
এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে টানা পাঁচ ম্যাচে চার হারায় বাংলাদেশের মেয়েদের টুর্নামেন্ট শেষ প্রায় নিশ্চিত।
মন্তব্য করুন