
চট্টগ্রাম, ১৬ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি জাতির মধ্যে কোনো বিভক্তি চায় না; বরং একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে সমতাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়। তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, ইসলামবিদ্বেষী নয়। কেউ যদি বলে বিএনপি ইসলামবিদ্বেষী, সেটা নিঃসন্দেহে অপপ্রচার।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষক ও ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেন এবং আল্লামা শাহ মোহাম্মদ তৈয়বের কবর জিয়ারত করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “কোনো রাজনৈতিক দলের নামের সঙ্গে যদি ‘ইসলাম’ শব্দটা থাকে, তাহলে তারা ইসলামের মালিক হয়ে যায় না। রাজনীতির স্বার্থে ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে বা ক্ষমতার লোভে দ্বীনকে ব্যবহার করা ইসলামের জন্য ক্ষতিকর।”
তিনি আরও বলেন, আজকাল কেউ কেউ বলেন, অমুক দল পরাজিত হলে ইসলাম পরাজিত হবে। নাউজুবিল্লাহ! কোনো দলের নামেই যদি ‘ইসলাম’ শব্দ থাকে, সেটি একটি রাজনৈতিক দলের নাম হতে পারে, কিন্তু সেটিই ইসলাম নয়।
ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “বিএনপির ইতিহাসেই সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করা হয়েছে, আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। তাই বিএনপিকে ইসলামবিদ্বেষী বলা সম্পূর্ণ মিথ্যা প্রচার।”
তিনি আরও যোগ করেন, “ইসলামবিদ্বেষী শক্তির পতন ঘটেছে, আওয়ামী লীগের পতন ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন কর্ম অনুযায়ী বিচার করেন। ইসলামবিদ্বেষী আওয়ামী লীগ কখনো বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, ক্ষমতাও ধরে রাখতে পারেনি। শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের আত্মত্যাগ স্মরণ করি।”
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “যেন ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্রের জন্য জীবন দিতে না হয়, শাপলা চত্বরের মতো হত্যাকাণ্ড আর না ঘটে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সচেতন থাকতে হবে।”
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন