
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে। তিনি বলেন, যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে মানুষের যে অগ্রগতির অনুভূতি তৈরি হয়েছিল, তা বাধাগ্রস্ত হবে। মানুষ হতাশ হয়ে পড়বে।
বুধবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নির্বাচন ঘিরে দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে দেশ মানুষ বাঁচাও আন্দোলন।
দুদু বলেন, আজ যারা সরকারে আছেন, তাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোনো বিশেষ দলের প্রভাবে যেন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) বা নির্বাচন-সম্পর্কিত কর্মকর্তাদের নিয়োগ প্রভাবিত না হয়। যদি তা হয়, তবে দেশের গণতন্ত্র আশাহত হবে এবং মানুষ নিরাশ হবে।
মিরপুরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে দুদু বলেন, দেশ এখন নানা বিপদের মধ্যে রয়েছে। যারা কাজকর্মে বের হন, তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সরকারের দায়িত্ব হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। আমি সরকারের কাছে অনুরোধ করছি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
এ সময় তিনি বলেন, সরকার যদি মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, মানবিক দায়ও সৃষ্টি করে।
তবে তাঁর বক্তব্যের এক পর্যায়ে তিনি আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে কঠোর সমালোচনা করেন এবং বলেন, এই দেশে গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান, আর তাঁর উত্তরসূরিরা সেই ধারা অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন