
সরকারি ঘোষণার দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা হাইকোর্টের মাজারগেট থেকে মিছিল নিয়ে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ফিরে গেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারের উদ্দেশে রওনা দেন তারা। শিক্ষকরা জানিয়েছেন, আজ রাতটি তারা শহীদ মিনারেই অবস্থান করে কাটাবেন।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, আগামীকাল (১৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে দাবি পূরণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হলে তারা ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করবেন। তিনি বলেন, আজ রাতে আমরা শহীদ মিনারে অবস্থান করব। আগামীকাল দুপুর ১২টার আগে প্রজ্ঞাপন না এলে ঠিক ১২টায় শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করব। এই সিদ্ধান্ত অপরিবর্তনীয়।
এর আগে বিকেল ৪টার পর থেকে হাইকোর্টের মাজারগেট এলাকায় অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। বিকেলে তারা শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলেও মাজারগেট এলাকায় এসে পুলিশি বাধার মুখে পড়েন। পরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষকদের তিন দফা দাবি হলো,
১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা প্রদান,
২. ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা,
৩. চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা।
দাবি আদায়ে অনড় শিক্ষকরা জানান, তাদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
মন্তব্য করুন