
এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে দারুণ লড়াই করে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হোম ম্যাচের মতোই নাটকীয়তায় ভরপুর ছিল এই ম্যাচটিও।
ম্যাচের ৭৩ মিনিটে হংকংয়ের এক খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে স্বাগতিকরা নেমে আসে দশ জনের দলে। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ১০ মিনিট পরই সমতায় ফেরে বাংলাদেশ। বদলি খেলোয়াড় ফয়সাল আহমেদ ফাহিমের নিখুঁত ক্রস থেকে ফাহমিদুল দক্ষতার সঙ্গে বল নামিয়ে দেন রাকিবের কাছে। রাকিব ঠাণ্ডা মাথায় বল জালে জড়ালে স্তব্ধ হয়ে যায় হংকংয়ের গ্যালারি।
গোলের পর আরও প্রাণবন্ত হয়ে ওঠে জামাল ভূঁইয়ারা। ম্যাচের শেষ মুহূর্তে বাংলাদেশ গোলের একাধিক সুযোগ তৈরি করলেও গোল দিতে ব্যর্থ হয়। অতিরিক্ত সময়ের শেষ সেকেন্ডে লম্বা থ্রো থেকে রাকিবের শট পোস্টের বাইরে গেলে জয় হাতছাড়া হয় বাংলাদেশের।
৮৩ মিনিটে ফাহমিদুল নিজেও একটি সহজ সুযোগ মিস করেন। সাদ উদ্দিনের বাড়ানো নিখুঁত ক্রস থেকে একেবারে গোলরক্ষককে একা পেয়েও পা লাগাতে পারেননি তিনি। ফলে ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
নিয়ন্ত্রিত ফুটবল, সুযোগ তৈরি ও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই সব মিলিয়ে বাংলাদেশের পারফরম্যান্সে আশাবাদী সমর্থকরা। ফিরতি লেগে এই ড্র দলকে মনোবল দেবে আগামী বাছাইপর্বের ম্যাচগুলোতে আরও ভালো করার জন্য।
মন্তব্য করুন