
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে রাজনৈতিকভাবে সতর্কতার সঙ্গে এগোতে হবে। রাজনৈতিক ভুল করলে আবারও ফ্যাসিস্টদের কবলে পড়তে হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা আর কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট তত দ্রুত কাটবে। দেশে গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। নির্বাচনের মাধ্যমেই বর্তমান সংকট মোকাবিলা সম্ভব।
বিএনপি মহাসচিব আরও বলেন, দানবীয় দুঃশাসনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্র ফিরে এসেছে। অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় জেলে গেছেন। এখন আমরা মুক্তভাবে নিশ্বাস নিতে পারি, নেতাকর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন।
তিনি গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা গণঅভ্যুত্থানে যোগ দিয়েছেন, গণতন্ত্রের জন্য লড়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন