
রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও সংলগ্ন কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
রোববার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন এবং কাউকে ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এরপর বিকেল ৫টার দিকে নতুন করে চারটি অ্যাম্বুলেন্স ভবনের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। উপস্থিত স্বজনদের ধারণা, ভেতরে হয়তো আরও মরদেহ উদ্ধার হয়েছে। তবে ফায়ার সার্ভিস বা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, “এখন পর্যন্ত আমরা ৯ জনের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার সময় বিস্ফোরণের ফলে বের হওয়া বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ভবনের ভেতরে এখনও আগুন জ্বলছে, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই ফায়ার ফাইটারদেরও আপাতত ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা মানুষবিহীন প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছি।
তাজুল ইসলাম চৌধুরী সবাইকে সতর্ক করে বলেন, ঘটনাস্থল থেকে অন্তত ৩০০ গজ দূরে থাকতে হবে। উদ্ধারকর্মী ছাড়া কেউ যেন ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা না করেন। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আগুন কীভাবে লেগেছে।
গোডাউনের অনুমোদন বিষয়ে প্রশ্ন করা হলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, দেখে মনে হচ্ছে এটি অননুমোদিত কেমিক্যাল গোডাউন। তবে যাচাই-বাছাই শেষে নিশ্চিতভাবে বলা যাবে। এদিকে, ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয় উৎসুক জনতা ও নিহতদের স্বজনরা। তারা জানাচ্ছেন, বহু শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।
পুলিশ জানিয়েছে, কেমিক্যাল গোডাউনের মালিক ও কর্মচারীদের খুঁজে পাওয়া যায়নি। তাদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। ফায়ার সার্ভিসের অভিযান চলমান রয়েছে এবং রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন