
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র চেয়ে গণ অধিকার পরিষদ অন্তত পাঁচ গুণ বড় রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানিয়েছেন, আপাতত এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
সম্প্রতি কালের কণ্ঠের আয়োজিত ‘কালের সংলাপ’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী প্রায়ই দাবি করেন, গণ অধিকার পরিষদ নাকি তাদের দলে যোগ দিতে চায়। আমাদের অনেক নেতা নাকি তাদের সঙ্গে যোগাযোগ করছে। এসব পুরোপুরি মিথ্যাচার। আমি জানতে চাই নাসীরুদ্দীন সাহেব, আপনি কোন দলের নেতা? আপনি তো ইতিমধ্যে ৪-৫টি দল পরিবর্তন করেছেন।
তিনি আরও বলেন, এনসিপি নেতাদের মিথ্যাচারের কারণে আমাদের নেতারা ক্ষুব্ধ। তাদের এই আচরণের কারণে একীভূত হওয়ার প্রক্রিয়ায় আর কোনো সম্মতি নেই। যদি তারা এসব মন্তব্য বন্ধ না করে, তাহলে দুই দলের একীভূত হওয়া সম্ভব হবে না। তবে আমাদের আন্তরিকতা এখনো রয়েছে।
গণ অধিকার পরিষদের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের বিষয়ে রাশেদ খান বলেন, উপদেষ্টা পরিষদ আমাদের ভয় পায়। তারা মনে করে, তরুণদের দুটি দল, এনসিপি ও গণ অধিকার পরিষদ যদি সমান সুযোগ পায়, তাহলে আমরা আরও বেশি এগিয়ে যাব। বাস্তবতায় এনসিপির চেয়ে গণ অধিকার পরিষদ অন্তত পাঁচ গুণ বড় দল।
মন্তব্য করুন