
দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ৬ টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। একই সঙ্গে খোলা সয়াবিনের দাম বেড়েছে ৩ টাকা এবং পাম তেলের দাম বেড়েছে ১৩ টাকা প্রতি লিটারে।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯৫ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ১৭৪ টাকা থেকে বেড়ে ১৭৭ টাকা এবং পাম তেলের দাম ১৫০ টাকা থেকে বেড়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।
গত আগস্টে ভোজ্যতেলের দাম সমন্বয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের টানাপোড়েন তৈরি হয়েছিল। ব্যবসায়ীরা তখন লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও, মন্ত্রণালয় অনুমতি দিয়েছিল মাত্র এক টাকা বৃদ্ধিতে। এতে ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্যবসায়ীরা।
তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে নতুন বৈঠকে সমঝোতায় পৌঁছে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন।
নতুন মূল্য শিগগিরই বাজারে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন